
জেলা প্রতিনিধি, জামালপুর:
জামালপুর পৌরসভার রাণীগঞ্জ এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাণীগঞ্জ এলাকায় দুলালের ভাড়াকৃত বসতঘরে দীর্ঘদিন ধরে গাঁজার পাইকারি ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যটি যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আরিফ মিয়া, মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত মো. দুলালকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুলাল স্বীকার করেছে, উদ্ধার করা গাঁজার এই চালানটি তিনি ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার মো. শাহ আলীর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)-এর ‘খ’ ধারার বিধান লঙ্ঘন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের অভিযোগে দুলালের বিরুদ্ধে একই আইনের ৩৬(১)-এর ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST