
ঢাকা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম। পরে অ্যাডভোকেট হাসানুল আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। নির্বাচনের ফল ঘোষণার পর ওই আসনের ১৫, ১৭, ২১, ২২, ২৫, ২৬, ২৭, ১১৬, ১১৭, ১২৮ ও ১৩৫ নম্বর কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি তোলেন বিএনপির প্রার্থী। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও প্রতিকার না পেয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST