মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী ‘বিভাগীয় সম্মেলন-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
‘গণমানুষের ব্যাংক’ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের সেবা কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করার প্রত্যয় নিয়ে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরুল আমিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাঃ খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন মহাবিভাগ জনাব মোঃ নাজমুল হোসেন, মহাব্যবস্থাপক, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ জনাব আশরাফুজ্জামান খান, স্টাফ কলেজের অধ্যক্ষ জনাব এ. এইচ. এম. মাহবুবুল বাসেত ভূঞা, সচিব (উপমহাব্যবস্থাপক), পর্ষদ সচিবালয় বিভাগ জনাব কে. এম. হাবিব-উন-নবী এবং উপমহাব্যবস্থাপক, এসএমই বিভাগ জনাব মোঃ রফিকুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব জামিল আহমেদ। সঞ্চালনায় ছিলেন তানিয়া শারমিন ও জুইয়েনা আক্তার।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি, কৃষক এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষকের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, কৃষিঋণ বিতরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহযোগিতা এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ব্যাংকের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকসেবার মান বাড়াতে হবে। ঋণ বিতরণের পাশাপাশি ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সম্মেলনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শাখার কার্যক্রম, ব্যাংকিং সেবার মানোন্নয়ন, কৃষি ও এসএমই খাতে ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, ঋণ আদায় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মকর্তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহকবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কৃষক ও সাধারণ মানুষের আর্থিক প্রয়োজন পূরণে বাংলাদেশ কৃষি ব্যাংককে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ব্যাংকের সেবাকে আরও সহজ, দ্রুত ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সম্মানিত অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন, কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এসব খাতের সঙ্গে সম্পৃক্ত কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমান ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন। বিশেষ করে গ্রাহকসেবা উন্নয়ন, ঋণ কার্যক্রমে গতিশীলতা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের বিভাগীয় সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণে সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST