
অনলাইন ডেস্কঃ
কোটর্চাঁদপুরে চাহিদামত তেল না দেয়ায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে।গতকাল রাতে উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত মোস্তফা (৪৩) ঐ এলাকারই বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,গতকাল রাত ২টার সময় সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার তেল দাবি করেন।তবে স্টেশনে তেলের সীমাবদ্ধতা থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হন।এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় মোস্তফা যখন নিজ বাড়ি থেকে পাম্পে ডিউটি করার উদ্দেশ্যে বের হন, তখন পথিমধ্যে ওত পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান,ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।তিনি আরও জানান:লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে,তুচ্ছ ঘটনায় একজন দায়িত্বশীল ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।তারা দ্রুত অভিযুক্ত জাহাঙ্গীর গাজীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST