

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো
নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতিতেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে নাগরিক সেবা নিরবচ্ছিন্ন রাখতে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ না করে নিয়মিত মাঠপরিদর্শনের মাধ্যমে নাগরিক সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নিতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) চসিক কার্যালয়ে ওয়ার্ড সচিবদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান ও নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সেবা পেতে নাগরিক হয়রানি ও অযৌক্তিক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্বে অবহেলা বা হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ওয়ার্ড সচিবদের নিয়মিত সরেজমিনে এলাকা তদারকির নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ভাঙা সড়ক, ঠিকাদারি কাজের মান, বর্জ্য অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং সড়কবাতি সচল রাখার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে। এছাড়া ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিদিন সকালে লার্ভিসাইড ও বিকেলে অ্যাডাল্টিসাইড ছিটানোর কার্যক্রম কঠোরভাবে তদারকি করার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণ কর্মসূচিতে ওয়ার্ড সচিবদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং মেয়রের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST