
রাসেল রানা, জামালপুর:
মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা আয়োজন করেছে জেলা বিএনপি। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মহান বিজয় দিবস আমাদের প্রেরণা দেয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব-এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা জরুরি। একই সঙ্গে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও শহর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST