
মাহমুদপুর প্রতিনিধি:
মাহমুদপুর বাজারে সার বিতরণকে কেন্দ্র করে সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সার পাওয়ার দীর্ঘ লাইনে শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
কৃষক ও স্থানীয়দের অভিযোগের প্রধান তীর মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদের দিকে। কৃষকদের দাবি, নিয়ম মেনে সার পাওয়ার জন্য প্রখর রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও, প্রভাব বিস্তার করে শৃঙ্খলা ভেঙে পছন্দের মানুষকে সার দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদ জানালেই বাকবিতণ্ডা ও হাতাহাতির সূত্রপাত হয়।
এলাকাবাসীর ভাষ্য মতে, আবু সাঈদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নতুন নয়। এর আগেও রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ নিয়ে তিনি সংবাদের শিরোনাম হয়েছিলেন। এছাড়া স্থানীয় পর্যায়ে জোর আলোচনা রয়েছে, তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিনের ঘনিষ্ঠজন। অভিযোগ উঠেছে, এই রাজনৈতিক প্রভাব ও বড় নেতার ছায়াতলে থাকার সুবাদেই তিনি একের পর এক অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছেন।
ক্ষুব্ধ কৃষকরা জানান, সার কৃষকের মৌলিক অধিকার। এই সার বিতরণ নিয়ে কোনো দলীয় প্রভাব, স্বজনপ্রীতি বা অনিয়ম মেনে নেওয়া যায় না। রাজনৈতিক পরিচয় কোনো অন্যায় বা অপকর্ম আড়ালের হাতিয়ার হতে পারে না।
বর্তমানে মাহমুদপুর বাজারে কৃষকদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী কৃষকরা। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ মিথ্যা হলে তা-ও পরিষ্কারভাবে প্রকাশের দাবি জানান এলাকাবাসী।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST