

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে যানজট, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সুন্দর ও নিরাপদ নগর গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রোববার (১৫ নভেম্বর) মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক সন্তানদের গতিবিধির ওপর অভিভাবকদের নজরদারি বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা চর্চার ওপর জোর দেন। পাশাপাশি নগরের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানান এবং চট্টগ্রামে দেশের প্রথম আধুনিক সিটি সেন্টার গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। এ ছাড়া মাঝিরঘাট এলাকার সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সরোয়ার বাবুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর ও সদরঘাট থানার ওসি একরাম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST