

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে বর্তমানে পাঁচ ঘণ্টার ট্রেন যাত্রা কমে মাত্র তিন ঘণ্টায় নেমে আসবে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় বছরের মধ্যেই নতুন এই রেলপথে ট্রেন চলাচল শুরু হবে।
বর্তমানে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে টঙ্গী, ভৈরব ও আখাউড়া হয়ে প্রায় ৩২০ কিলোমিটার পথ ঘুরতে হয়। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম ঢাকার দক্ষিণ দিকে অবস্থিত হলেও বর্তমান রেলপথটি প্রথমে উত্তর দিকে গিয়ে পরে দক্ষিণে মোড় নেওয়ায় দূরত্ব অনেক বেড়ে যায়। তবে প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মিত হলে এই দূরত্ব কমে প্রায় ২৪০ কিলোমিটারে দাঁড়াবে, যা যাত্রার সময় দেড় থেকে দুই ঘণ্টা কমিয়ে আনবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত এই রেলপথটি ফতুল্লা, শ্যামপুর ও নারায়ণগঞ্জ হয়ে সরাসরি কুমিল্লার সঙ্গে যুক্ত হবে। পথিমধ্যে শীতলক্ষ্যা নদী পার হতে একটি রেলসেতু নির্মাণ করা হবে এবং উড়াল অংশটি ঢাকা থেকে দাউদকান্দির গোমতী এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চলাচলের উপযোগী করে নির্মিতব্য এই লাইনে ট্রেনের সর্বোচ্চ নকশাগত গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং পরিচালনাগত সর্বোচ্চ গতি ১৪০ কিলোমিটার রাখার প্রস্তাব করা হয়েছে। তবে চূড়ান্ত নকশা ও অনুমোদনের পরই সুনির্দিষ্ট রুট নির্ধারণ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়নে ৭৫ হাজার কোটি থেকে ৯০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। নির্মাণের ক্ষেত্রে দুটি বিকল্প বিবেচনা করছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম বিকল্পে ৬৫ কিলোমিটার উড়ালপথ এবং ২৫ কিলোমিটার মাটির নিচ দিয়ে রেলপথ নির্মাণের প্রস্তাব রয়েছে, যাতে ব্যয় ধরা হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। দ্বিতীয় বিকল্পে পুরো ৯০ কিলোমিটারই উড়াল রেলপথ নির্মাণের প্রস্তাব রয়েছে, যাতে ব্যয় হতে পারে ৯০ হাজার কোটি টাকা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে নকশার কাজ চলছে। নির্মাণকাজ শুরুর আগে জমি অধিগ্রহণ, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি, প্রশাসনিক অনুমোদন এবং অর্থায়ন নিশ্চিত করতে হবে। অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) বিষয়টি বিবেচনা করা হচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
প্রকল্পের সময়সীমা নিয়ে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরের জুনের মধ্যে নকশার কাজ শেষ করার চেষ্টা চলছে। পাশাপাশি জমি অধিগ্রহণে প্রায় দুই বছর সময় লাগবে। এরপর ডিপিপির কাজ শেষ করে মূল নির্মাণকাজ শুরু হলে তা সম্পন্ন করতে আরও চার বছর সময় লাগতে পারে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST