মোঃ রমজান আলী কোটচাঁদপুর সংবাদদাতাঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে গড়ে ওঠা বাজার, অবৈধ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে সড়ক যেন মৃত্যুফাঁদ হয়ে উঠেছে। এতে পথচারী ও যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হলেও দখলমুক্তকরণে সংশ্লিষ্টদের কার্যকর পদপেক্ষ না নেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিনের যে, কারণে প্রতিনিয়ত বাড়ছে জনদূভোগ, ঝরছে প্রাণ। সর্বশেষ যার শিকার হয়েছেন হোটেল শ্রমিক নুর ইসলাম (৬৫)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম পৌর শহরের বাজেবামনদহ গ্রামের মণ্ডলপাড়ার মৃত আনছার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে কর্মস্থল হোটেলের উদ্দেশে বের হন নুর ইসলাম। শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উর্দ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় এবং ময়নাতদন্ত না করানোর আবেদনের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরেজমিনে দেখা যায় কালীগঞ্জ টু জীবননগর মহাসড়কের কোটচাঁদপুর অংশে থানার পাশে খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে বিশাল ফল বাজার। সড়কের সাথে স্থাপনা থাকার কারণে পাশে তেমন জায়গা নেই, যেখানে স্থাপনা নেই সেখানেও বাজারের ময়লা এনে স্তুপ করা হয়েছে যে কারণে সড়কের ওই অংশে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘনা আর ঝরে যাচ্ছে তাজাপ্রাণ।
স্থানীয়দের অভিযোগ, কোটচাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্যে ফলের আড়ত, বিভিন্ন ধরনের মাপযন্ত্রের (স্কেল) দোকান, গ্যারেজ, গাড়ি ওয়াশ, খড়ির ব্যবসা, বালুর ব্যবসাসহ নানা ধরনের অবৈধ স্থাপনা রয়েছে। এসব স্থাপনার কারণে সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় পথচারী ও যানবাহনকে অনেকটা একই জায়গা ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত বাজার এলাকায় সড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে রাখা, মালামাল ওঠানামা এবং দোকানের সামনে মানুষের ভিড়ের কারণে যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কের দুই পাশের সরকারি জায়গা দখলমুক্ত করা গেলে পথচারী ও যানবাহনের চলাচলের জায়গা বাড়বে। এতে দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে কার্যকর উচ্ছেদ অভিযান না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।
কোটচাঁদপুরে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সড়ক ব্যবস্থাপনা, দখলমুক্তকরণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়েনি। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলের বিষয়ে ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান মাত্র নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। কোটচাঁদপুরে সওজের জায়গা দখলের বিষয়টি তিনি সাংবাদিকের কাছ থেকেই জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে অফিসে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST