
মোঃ রাসেল রানা,জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের কলেজ রোড এলাকায় ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান (৮) গত ১৯ সেপ্টেম্বর কলেজ রোড সংলগ্ন এলাকায় যায়। এ সময় একই এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে ফয়সাল চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। একই দিন শিশুটির বাবা খাবিরুল বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। এদিকে অভিযুক্ত ফয়সালের বাবা সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ওই শিশুর বাবা-মা আমার ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন। ঘর ভাড়ার টাকা পরিশোধ না করায় তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই আমাকে ও আমার পরিবারকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে আমার ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো।” এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে। শিশুটির নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে বিষয়টি দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST