
রাজশাহীর পুঠিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধর, অকথ্য ভাষায় গালাগাল, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. মিজানুর রহমান পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।জিডি সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে উপজেলার মোল্লাপাড়া বাজারের নূরুননবী রুবিনা হোটেলে যান সাংবাদিক মিজানুর রহমান। এ সময় সেখানে উপস্থিত হয়ে শফিকুল ইসলাম তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি সাংবাদিক মিজানুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে অভিযুক্ত ব্যক্তি আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন। একপর্যায়ে অভিযুক্ত ও তার সহযোগীরা সাংবাদিককে মারধর করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST