জামাল খান,জেলা প্রতিনিধি:
ভোলা জেলার দৌলতখানে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ব্যানার হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মতিন খান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে। জমে থাকা পানি পরিষ্কার করা এবং মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি উপস্থিত সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দপ্তর ও এলাকা পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু মোকাবিলায় জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST