

মানিকগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেসহ শহরের ৬টি স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত নয়টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে পুরো জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী, গোলড়া স্ট্যান্ড এবং জেলা বিএনপি ও সাবেক আওয়ামী লীগ কার্যালয় এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরিত হয়।
এই ঘটনার প্রতিবাদে রাত সোয়া আটটায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে জেলা শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠন। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের মিয়া, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের অপতৎপরতা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দোসররা। তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর যুবলীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতেই এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST