
বিশেষ প্রতিনিধি, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি এবং চোরাচালান সিন্ডিকেট পরিচালনার মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষের দাবি—তার ছত্রছায়ায় এলাকায় গড়ে উঠেছে এক বিশাল অবৈধ সাম্রাজ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তসংলগ্ন গোয়াইনঘাট এলাকায় দীর্ঘদিন ধরে পিয়াইন নদী, বালু-পাথর কোয়ারি এবং সীমান্ত পথ ব্যবহার করে অবৈধ ভারতীয় পণ্য আনয়ন ও পরিবহন চলে আসছে। অভিযোগ রয়েছে, রিয়াজ তার প্রভাব খাটিয়ে এসব চোরাচালান পয়েন্ট থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করেন। তাছাড়া, এলাকায় চলাচলকারী মালবাহী ট্রাক, ট্রাক্টর ও নৌকা থেকে নির্দিষ্ট হারে ‘টোল’-এর নামে চাঁদাবাজির একটি শক্তিশালী নেটওয়ার্ক তিনি নিয়ন্ত্রণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক জানান, রিয়াজ ও তার সহযোগীদের নির্ধারিত চাঁদা না দিলে তারা পণ্য পরিবহন বা ব্যবসা পরিচালনায় বাধার সৃষ্টি করেন। স্থানীয় সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তার এই কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে রিয়াজ জানান, তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
এদিকে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধ ও চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST