
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল ও পেট্রোল বিক্রি এবং অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পৃথক দুটি বাজারে এই তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে দেখা যায়, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারের ‘আলী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে কোনো মূল্যতালিকা ছিল না।এ সময় দোকানটি গ্রাহকদের কাছ থেকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় করছিল পরে এই অপরাধে দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক খেয়াঘাট বাজারে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে খুচরা ও পাইকারি তেল ব্যবসায়ী সুকুমারের দোকানে অবৈধভাবে ডিজেল মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায়ে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মানিকগন্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST