
মো. গোলাম কিবরিয়া, নড়াইল:
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে নড়াইল জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলায় প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের অংশগ্রহণে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
বিপিএইচসিডিএ নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্যালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. সাজ্জাদ রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আওয়াল রাজা, খুলনা বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য ডাঃ মোস্তফা কামাল এবং কেন্দ্রীয় সদস্য মোঃ কামরুজ্জামান রাসেল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশীদ, বিএমএ নড়াইল জেলা শাখার সভাপতি ডাঃ শরীফ সাহাবুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ আ.ফ.ম. মুশিউর রহমান (বাবু)।
সভায় নেতৃবৃন্দ একযোগে বলেন, বেসরকারি চিকিৎসা খাতের মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারি সব নিয়ম-কানুন ও নীতিমালা কঠোরভাবে মেনে প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশ দিয়ে বক্তারা বলেন, সমিতিকে শক্তিশালী ও গতিশীল করতে সকল প্রতিষ্ঠানকে সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে। যারা সদস্য হবেন না, তারা অ্যাসোসিয়েশনের কোনো ধরনের সুবিধা পাবেন না। এছাড়া নড়াইল জেলার সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক হিসেবে সিভিল সার্জনের দিকনির্দেশনা মেনে পরিচালিত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সবশেষে মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে সভাপতির নির্দেশক্রমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST