
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার পেট্রোল জব্দ করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়াপুর গ্রামের গুলালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নাসির উদ্দীন (৩৫) উপজেলার গুলালপাড়া গ্রামের মরহুম ইসরাফিল আলমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৮০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। পরে জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় মামলা দায়ের করে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST