মো: আতাউর রহমান, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জনস্বার্থে জমিদাতা বিনামূল্যে নিজ জায়গা ছেড়ে দিতে রাজি থাকা সত্ত্বেও স্থানীয় স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রভাবশালী চক্রের বাধায় থমকে আছে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী সর্দারপাড়ার রাস্তা নির্মাণ। ফলে এলাকার প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের আড়াই শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম অবরুদ্ধ ও জনভোগান্তিতে দিন কাটাচ্ছেন।
এসময় স্হানীয় মেম্বার মো: আব্দুর রব জানান, “এখানে আগে থেকেই একটি চলাচলের পথ ছিল, যা সাবেক চেয়ারম্যান মন্টু তালুকদার রাস্তা হিসেবে তৈরি করে দিয়েছিলেন। বর্তমানে সেই রাস্তা না থাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—এই জমিতে আব্দুল কদ্দুসের কোনো নিজস্ব মালিকানা বা জমি না থাকা সত্ত্বেও সে বেআইনিভাবে রাস্তা গঠনে বাধা দিচ্ছে।”
এলাকার প্রবীণ মুরুব্বীরা আক্ষেপ করে জানান, জমির প্রকৃত মালিক নিজ উদ্যোগে জনস্বার্থে জায়গা দেওয়ার পরও কেবল একজন স্বার্থলোভী মানুষের ব্যক্তিগত স্বার্থের কারণে পুরো গ্রামের যাতায়াত আটকে আছে।
এসময় জমিদাতা মো: সিরাজুল ইসলাম লালু জানান, জনগণের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও দুর্ভোগ দূর করার স্বার্থে তিনি বি আর এস ১১৬৭ দাগের নিজের খরিদসূত্রে পাওয়া সম্পত্তি থেকে বিনামূল্যে রাস্তা দিতে প্রস্তুত। কিন্তু অভিযুক্ত আব্দুল কদ্দুস মাস্টার পিতা: আওনদ্দিন সরদার) ও ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন কালু রাজনৈতিক প্রভাব দেখিয়ে রাস্তার জায়গায় অবৈধ বাধা, টিন-ইটের ঘেরা এবং কৃত্রিম সংকট তৈরি করে রেখেছেন।
পথ চাওয়া গ্রামবাসীর মুখ বন্ধ করতে ও নির্মাণকাজ ভণ্ডুল করতে মফিজ উদ্দিন প্রামাণিককে দিয়ে মাহমুদপুর ইউনিয়ন পুলিশ ফাঁড়িতে একটি মিথ্যা ও সাজানো চাঁদাবাজির জিডি করানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। দৈনন্দিন চলাচল, মসজিদে যাতায়াত এবং শিক্ষার্থীদের স্কুলে যাওয়া স্বাভাবিক করতে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে সরেজমিনে সীমানা নির্ধারণ করে রাস্তাটি উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST