

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম ও সিলেট রুটের আপ ও ডাউন উভয় রেললাইন অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকাল ১০টার দিকে আখাউড়ার কোড্ডা কেবিন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
হঠাৎ এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই দুটি রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়, যা সাধারণ যাত্রী ও প্রবাসগামীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করে।
স্থানীয় সূত্র জানায়, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। নিজেদের এ প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার সকালে স্থানীয় কয়েকশত বাসিন্দা রেললাইনে অবস্থান নিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল আটকে দেন। এতে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া রেলপথে এক অভূতপূর্ব অচলাবস্থার সৃষ্টি হয়।
রেললাইন অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
ঘটনাস্থলে পৌঁছে তিনি বিক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যুক্তিসঙ্গত দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। পরে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের গণদাবিটি তিনি নিজে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে তিনি আন্দোলনকারীদের সাময়িকভাবে কর্মসূচি স্থগিত রাখার জোর আহ্বান জানান।
জেলা বিএনপি নেতার সরাসরি উপস্থিতি, আন্তরিকতা ও সুনির্দিষ্ট আশ্বাসের ওপর আস্থা রেখে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেন। এতে দীর্ঘ আলোচনার পর অবসান ঘটে রেললাইন অবরোধের।
আন্দোলনকারী নেতৃবৃন্দ জানান, “আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের আশ্বাসে আমরা আগামী ৭২ ঘণ্টার জন্য আন্দোলন ও অবরোধ স্থগিত করেছি। আশা করছি এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।”
কর্মসূচি স্থগিতের পরপরই কোড্ডা কেবিন এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST