
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে মসজিদের ভেতরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান মুন্সী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের প্রায় এক মাস পর সোমবার (৯ নভেম্বর) দুপুরে একটি সালিস সভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওসমান মুন্সী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খরিয়া গ্রামের শেখ গহেরের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হালুয়াঘাটা গ্রামের চারানী হালুয়াঘাটা মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মসজিদের দরজা বন্ধ করে শিশুটিকে জড়িয়ে ধরেন ওসমান মুন্সী। একপর্যায়ে শিশুটির পরনের সেলোয়ার খুলে মসজিদের ভেতরে থাকা একটি চৌকিতে শুইয়ে যৌন নিপীড়নের মাধ্যমে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির মা সুফিয়া আক্তার (২৮) গত ১০ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন। মামলার নম্বর ০৩ (১০) ২০২৬। পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানোর পর সোমবার (৯ নভেম্বর) একটি সালিস সভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST