
গোলাম কিবরিয়া,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে অবৈধ কয়লার ভাটার অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজিবুর রহমানসহ দুই সংবাদকর্মী হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। বিচালী ইউনিয়নের বন্নির মোড় এলাকায় হাসিবুর মোল্লার মালিকানাধীন কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানায় এ ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।
ঘটনার বিবরণে জানা যায়, ওই অবৈধ কারখানার সংবাদ সংগ্রহ ও তথ্য নেওয়ার জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে তাদের ম্যানেজ করার অপচেষ্টা চালায় সংশ্লিষ্টরা। তবে সাংবাদিকরা তাদের পেশাগত নীতিতে অটল থাকলে স্থানীয় কিছু লোকজনকে উসকে দিয়ে জড়ো করা হয় এবং দুই সংবাদকর্মীকে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়।
এদিকে ঘটনার পর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ করতে এবং সময় টিভির প্রতিনিধি সজিবুর রহমান সজিবকে পরিকল্পিতভাবে ফাঁসাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসত্য ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, কোনো সংবাদ প্রকাশে আপত্তি বা ভিন্নমত থাকলে তা আইনানুগ ও পেশাগত ফোরামে সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিকদের এভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকিস্বরূপ। এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
সংগঠন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রশাসন যদি অতিসত্বর হাসিবুর মোল্লার এই অবৈধ কয়লা ভাটা বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে কঠোর কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সাংবাদিক সমাজ আশা করছে, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দোষীদের আইনের আওতায় আনবে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST