
লাকী আক্তার,সিলেট ব্যুরো প্রধানঃ
সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— ব্যবসায়ী ও স্থানীয় মুরব্বি হাজী আব্দুস সাত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং ২৫ বছর বয়সী এক গৃহপরিচারিকা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুর্বৃত্তরা প্রাচীরঘেরা ওই বাসায় প্রবেশ করে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা এতে জড়িত—সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিহত আব্দুস সাত্তার সাহেব অত্যন্ত ভালো ও নামাজি মানুষ ছিলেন। পুরো এলাকায় ১২০টির মতো সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এত সকালে এমন ট্রিপল মার্ডারের ঘটনা ঘটায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST