মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরের হাতে ধরা পড়ে মেয়ের জামাই। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে জামাইয়ের আঘাতে শ্বশুর সিদ্দিকুর রহমান (৪৮) নিহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত জামাই রাসেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিদ্দিকুর রহমানের অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান তাঁর জামাই রাসেল। অটোরিকশার কাছে শব্দ পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বের হয়ে অন্ধকারে চোর সন্দেহে রাসেলকে আটক করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে রাসেলের আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন রাসেলকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় সিদ্দিকুর রহমান নামে একজন মারা গেছেন। প্রাথমিকভাবে চুরির সময় আঘাতের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে জানতে পারি, অভিযুক্ত রাসেল নিহতের মেয়ের জামাই।
ওসি আরও বলেন, আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST