
জামালপুর প্রতিনিধিঃসংগীতাঙ্গনে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার কৃতি সন্তান ও জনপ্রিয় সংগীতশিল্পী রাজীব সিদ্দিকী। কিংবদন্তি লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী সম্মাননা’ পেয়েছেন তিনি। তাঁর এই অর্জনে জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।শ্রদ্ধেয় লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের উদ্যোগে রাজীব সিদ্দিকীকে এ সম্মাননা প্রদান করা হয়। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা, শিল্পীসত্তা ও পথচলার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাঁর সংগীতজীবনে এক অনন্য সংযোজন।সম্মাননা অর্জনের পর রাজীব সিদ্দিকী আনন্দ ও গর্ব প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ স্বীকৃতি প্রদানের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।নরুন্দির মাটি থেকে উঠে আসা রাজীব সিদ্দিকীর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং জামালপুরের সাংস্কৃতিক অঙ্গন ও সংগীতপ্রেমীদের জন্যও গর্বের বিষয়। একজন শিল্পীর সাধনা, নিষ্ঠা ও ভালোবাসা যে সম্মানের পথ তৈরি করে, তাঁর এই অর্জন যেন সেই বার্তাই বহন করে।সংগীতের পথে রাজীব সিদ্দিকীর যাত্রা আরও সাফল্যমণ্ডিত হোক, তাঁর কণ্ঠের সুর ছড়িয়ে পড়ুক মানুষের হৃদয়ে হৃদয়ে—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST