
জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরের হাসপাতাল রোড এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভুয়া ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতারণামূলক তথ্যসম্বলিত ভিজিটিং কার্ড বিতরণের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে হাতেনাতে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম ‘মোবাল্লিগ ট্রাভেলস’।
প্রশাসন সূত্রে জানা যায়, ‘মোবাল্লিগ ট্রাভেলস’ কোনো ধরনের বৈধ অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই ট্রাভেল এজেন্সির কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি সাধারণ মানুষকে প্রতারিত করতে মিথ্যা ও প্রলোভনমূলক তথ্যসংবলিত ভিজিটিং কার্ড বিতরণ করছিল তারা।
অভিযানকালে অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জামালপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST