মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের বেউথা এলাকায় কালীগঙ্গা নদীতে আনন্দ-উচ্ছ্বাস ও ছান্দিক বৈঠার তালে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীপাড়ের হাজারও উৎসুক জনতার উপচে পড়া ভিড় ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।
বর্ণিল এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসা সুসজ্জিত বেশ কয়েকটি বাছারী ও ছিপ নৌকা অংশ নেয়। সুন্দর সাজে সজ্জিত নৌকাগুলোতে মাঝিমাল্লারা বৈঠার তালে তালে সারি গান গেয়ে নদীর বুকে গতির ঝড় তোলেন। কালীগঙ্গার দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ, শিশুসহ সর্বস্তরের মানুষ করতালি ও উল্লাসের মাধ্যমে মাঝিমাল্লাদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজ খানম রিতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং মানিকগঞ্জ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা দলগুলোর হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে মোটরসাইকেল ও ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় এই লোকজ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আয়োজক কমিটির পক্ষ থেকেও এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিবছর নিয়মিত আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST