
লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ
সিলেটের শাহপরান (রহঃ) থানা এলাকায় দিনমজুর স্ত্রীর কষ্টার্জিত অর্থ আত্মসাৎ ও যৌতুকসহ বিভিন্ন অযুহাতে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে স্বামী বাদশা মিয়ার (৪০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ খোদেজা খাতুন (৪১) বাদী হয়ে শাহপরান (রহঃ) থানায় এই লিখিত অভিযোগটি পেশ করেন। অভিযুক্ত বাদশা মিয়া শাহপরান থানার ছড়ারপাড় (বালুচর) ২নং জামে মসজিদ সংলগ্ন এলাকার মোবারক মিয়ার কলোনীর বাসিন্দা মোঃ মিরাজ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দিনমজুর হিসেবে চালাইয়ের কাজ করে অত্যন্ত কষ্টে সংসার পরিচালনা করে আসছিলেন খোদেজা খাতুন। বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী বাদশা মিয়া তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, ব্যবসার মালামাল ক্রয়ের কথা বলে খোদেজা খাতুনের কাছ থেকে বিভিন্ন সময়ে সর্বমোট ২,৫০,০০০ (দুই লক্ষ ৫০ হাজার) টাকা গ্রহণ করেন বাদশা মিয়া। পরবর্তীতে ওই মালামাল বিক্রি করলেও তা স্বামী নিজ দখলে রেখে দেন এবং কোনো হিসাব বা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
সবশেষ গত ৩ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২:০০ ঘটিকায় শাহপরান থানাধীন ছড়ারপাড়ের মোবারক মিয়ার কলোনীস্থ ভাড়া বাসায় এসে বাদশা মিয়া পুনরায় টাকার জন্য স্ত্রীকে গালিগালাজ ও চাপ সৃষ্টি করেন। খোদেজা খাতুন প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর ও নানা ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়।
তথ্যসূত্রে আরো জানা যায় যে, খোদেজা বেগম ১ম সংসারের ৫ জন সন্তান রয়েছে, ২য় স্বামী বাদশা মিয়া। খোদেজা বেগম এর বিয়ের কাবিন নিজ ঘর থেকে চুরি করে নিয়ে যায়, এখন অনেক মারধোর করে এই অসহায় নারীকে।
ভুক্তভোগী খোদেজা খাতুন জানান, স্বামীর ক্রমাগত নির্যাতন ও অর্থ আত্মসাতের কারণে তিনি চরম আর্থিক, শারীরিক ও মানসিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায়বিচারের আশায় তিনি আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন।
এ বিষয়ে শাহপরান (রহঃ) থানা পুলিশ অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST