
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পারভেজ হোসেন ইমন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আটক পারভেজ উপজেলার কান্দাপাড়া এলাকার বাসিন্দা এবং মিজানুর রহমান লিটনের ছেলে। তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্তকে থানায় নেওয়া হয়।
সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর জনমনে ক্ষোভ দেখা দেয়। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে, এই ঘটনার জেরে স্থানীয় এক সংবাদকর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST