
নিজস্ব প্রতিনিধি,রংপুরঃ
এবার রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকার এসএ পরিবহন কার্যালয়ে অভিযান চালিয়ে ইয়াবার এ বড় চালান উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মনসুর মণ্ডল ওরফে বোদা (৩৮)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহনে অবস্থান নেন। একপর্যায়ে মনসুর মণ্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ারে পাঠানো ইয়াবার চালান নিতে এলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকার বেশি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক আবু জাফর ও বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, কক্সবাজারে মনসুরের একটি চায়ের দোকান রয়েছে। তিনি চায়ের ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
তারা আরও জানান, মনসুর কার মাধ্যমে ইয়াবা সংগ্রহ করতেন, কোথায় সরবরাহ করতেন এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত- সেসব বিষয়ে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST