
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফোনে ‘সব ফাঁস করে দেওয়ার’ হুমকির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৩১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মারাত্মক অভিযোগ আনেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথমে তাকে ফোন করে তার বিরুদ্ধে কোনো মন্তব্য বা আলোচনা না করার অনুরোধ জানান। তবে এর পরদিনই রাতে পাটওয়ারী তাকে পুনরায় ফোন দিয়ে সরাসরি হুমকির সুরে কথা বলেন।
হুমকির বিবরণ দিয়ে রাশেদ খাঁন লেখেন, রাতে ফোন করে পাটওয়ারী তাকে বলেন, “আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব। আমাদের (নাহিদ-আসিফ) কাছ থেকে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। সব ফাঁস করে দেব।”
পাটওয়ারীর এই হুমকির জবাবে তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, যা কিছু ফাঁস করার আছে যেন সব প্রকাশ্যে ফাঁস করে দেওয়া হয়।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও সরকারের একাধিক মন্ত্রীকে নিয়ে কটূক্তি বা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন জানান, সেই আলাপের পরেই এই হুমকির ঘটনা ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST