
বিশেষ প্রতিনিধি, সিলেট:
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের জুমপাড় সংলগ্ন এলাকায় প্রকাশ্যে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন ও লুটপাটের মারাত্মক অভিযোগ উঠেছে। এর ফলে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় শতবছরের পুরোনো প্রাচীন মন্দির, শ্মশান ঘাট, জুমবাগান এবং সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, জাফলং ট্রাক সমিতির সভাপতি সমেত মিয়া, হাতকাটা ইউসুফ, রুপেজ এবং মজিরের নেতৃত্বে একটি প্রভাবশালী অবৈধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই এলাকা নিয়ন্ত্রণে রেখে বালু লুটপাট চালিয়ে আসছে। জুমপাড় সংলগ্ন পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার বসিয়ে দিন-রাত অবিরত বালি ও পাথর উত্তোলন করা হচ্ছে।
অনিয়ন্ত্রিত ড্রেজার ব্যবহারের কারণে নদীর তীরে তীব্র ভূমিধস দেখা দিয়েছে। ইতোমধ্যেই ধসে পড়তে শুরু করেছে এলাকার ঐতিহ্যবাহী শতবছরের পুরোনো মন্দির ও শ্মশান ঘাট। এছাড়া সংলগ্ন জুমবাগান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চোখের সামনে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ড্রেজার উচ্ছেদ এবং ঐতিহাসিক স্থান ও পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST