জামাল খান,ভোলা প্রতিনিধি:
ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলার দৌলতখানে শুরু হয়েছে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”। ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মতিন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান মিয়া, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএস আনিসুর রহমান,ত্রাণ কর্মকর্তা কে এম মাহাবুব আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন। বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করার ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উদ্বোধনী সভা শেষে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিরাপদ থাকি” স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মশক নিধন স্প্রে প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে মাঠ পর্যায়ে সর্বসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST