নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাদারগঞ্জ পৌর শাখার সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিলক্ষেত থানাধীন নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শওকত আলী আইনশৃ্ঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি খিলক্ষেতের নামাপাড়া এলাকায় অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশের একটি দল নামাপাড়ার ওই বিশেষ আস্তানায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত শওকত আলী জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়ন ও উসকানিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে এবং কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST