
সিলেট প্রতিনিধি:
সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জালালাবাদ আই হাসপাতাল দীর্ঘ ছয় বছর ধরে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত এই হাসপাতালটির পরিচালনার সঙ্গে সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্পৃক্ত থাকলেও ২০২১ সালের জুনের পর থেকে আর লাইসেন্স নবায়ন করা হয়নি। খোদ সিভিল সার্জন সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সত্ত্বেও এমন অনিয়মে সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রেও গঠনতন্ত্র লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সমিতির ৪৫ জন আজীবন সদস্যের দাবি, দীর্ঘদিন ধরে নিয়ম অনুযায়ী নির্বাচিত কমিটি গঠন না করে এডহক কমিটি দিয়েই দুই বছরের বেশি সময় ধরে হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সাধারণ সভা (এজিএম) আহ্বান না করে বিধিবহির্ভূতভাবে হাসপাতালের স্থায়ী আমানত (এফডিআর) ভেঙে ফেকো মেশিন কেনা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তবে সার্বিক বিষয়ে সিলেটের সিভিল সার্জন ও হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. মো. নাসির উদ্দিন জানান, পূর্বের পরিচালনা পর্ষদের অনিয়মের কারণেই মূলত লাইসেন্সসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল। বর্তমানে সেসব প্রশাসনিক সমস্যা নিরসনে কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন সম্পন্ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST