পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন আগামী এক বছরে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। তিনি নগরীর পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, সবুজায়ন ও উন্নয়ন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেলসহ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদ ও গোরস্থান কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।