
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সরকারি ইটের সোলিং রাস্তা থেকে ইট চুরির অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই মামলায় আজ আদালতে জামিন আবেদন করা হলে চার আসামির আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ১৪নং দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়, গত ০৪/০৪/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা থেকে ২০/০৪/২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে বিভিন্ন সময়ে এই চুরির ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, দিগপাইত ইউনিয়নের মেঘা দেওয়ানীর মোড় থেকে আয়নার মোড় পর্যন্ত এবং ময়নার মোড় থেকে বয়লা খালব্রীজ হয়ে গজারি আটা ভাঙুনি ঘাট পর্যন্ত সরকারি ইটের সোলিং রাস্তার প্রায় ৮ ফুট প্রস্থের ১ কিলোমিটার করে মোট ২ কিলোমিটার রাস্তার আনুমানিক ২,৮০,০০০ পিস ইট চুরি হয়ে গেছে। চুরি হওয়া এই ইটগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮,০০,০০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযুক্ত ১০ জন আসামিরা হলেন—মান্নান (৫০) পিতা-আমেছ আলী ,বিপুল (২২) পিতা-আঃ মান্নান, মোমিন (১৭) পিতা-মৃত জহিরুল ইসলাম দুলাল উদ্দিন (৫০) পিতা-মৃত জয়নার উদ্দিন,শতী (৬৫) পিতা-মৃত লাল মাহমুদ, ছোরহান (১৬) পিতা-মৃত আঃ কাদের,সাইফুল ইসলাম (২৫) পিতা-মৃত ফলজুল হক,সজিব (২০) পিতা-মেহেজ আলী,ফজলুল হক (৩০) পিতা-মোঃ তাহের আলী ও শাওন (১৭) পিতা-আঃ জব্বার সকলের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ পশ্চিমপাড়া ও পূর্বপাড়া এলাকায়, বাদী মোঃ আসাদুজ্জামান স্থানীয়ভাবে বিষয়টি অনুসন্ধান করে আসামিদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে থানায় এজাহার দায়ের করেন।
২৩ জুলাই ২০২৬ তারিখে এই মামলার আসামিরা জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মোঃ ফজলুল হক, মোঃ বিপুল মিয়া, মোঃ সাইফুল ইসলাম ও সজীব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে (জেলহাজতে) প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST