
স্টাফ রিপোর্টার,ঢাকাঃ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভাটারা থানার এম ব্লকের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল্লাহ আল মামুন রাতে সমকালকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা করতে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছেন। পরে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে। তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলেও পুলিশের দাবি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST