মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ত্রী ও দেড় বছরের সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম হোসেন প্রথমে তার স্ত্রীকে হত্যা করেন। পরে তাদের দেড় বছরের সন্তানকে হত্যা করা হয়। এরপর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে জান্নাকান্দি গ্রামে স্থানীয়দের ভিড় জমে যায়। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন আত্মহত্যা করেছেন, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST