স্টাফ রিপোর্টার,ঢাকা:
এক দিনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪-৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় মহাখালী ফ্লাইওভারে ও আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া শুক্রবার রাত ১০টার দিকে কাফরুল এলাকায় বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ডিএমপির মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন।
আবুল বাসার সাংবাদিকদের বলেন, থানা–সংলগ্ন এলাকায় একটি ফাঁকা বাসে আগুন লাগার ঘটনা শুনেছেন তিনি। ঘটনাস্থলে যাচ্ছেন। গিয়ে বিস্তারিত জানাতে পারবেন।
তারও আগে দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট–সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মাদ রাজু বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একজন রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। বিস্তারিত তথ্য এখনো পাইনি।
মহাখালী এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. তারেক বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কাজ করছে।
দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট–সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই করা হচ্ছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST