
মাদারগঞ্জ প্রতিনিধিঃজামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় নামিদামী ব্র্যান্ডের আড়ালে অস্বাস্থ্যকর ও অরুচিকর পরিবেশে গড়ে উঠেছে ‘রূপা ফুড প্রোডাক্ট’ নামক একটি বেকারী। অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এই প্রতিষ্ঠানে দেদারছে তৈরি হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য। অথচ প্রশাসনের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জের এই বেকারীটিতে দীর্ঘদিন ধরে কোনো ধরনের স্বাস্থ্যসম্মত নিয়মকানুন বা মানদণ্ড না মেনে খাদ্য উৎপাদন করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, বৈধ কোনো খাদ্য লাইসেন্স, বিএসটিআই বা পরিবেশ ছাড়পত্র আছে কিনা নাকি অনুমোদন ছাড়াই বছরের পর বছর একটি বেকারী রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকি না থাকায় এসব প্রতিষ্ঠানে উৎপাদিত অস্বাস্থ্যকর খাবার পৌঁছে যাচ্ছে শিশুসহ সাধারণ মানুষের ঘরে ঘরে।সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিষয়টি গত প্রায় দুই মাস ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সভাপতি মাদারগঞ্জের নিরাপদ খাদ্য পরিদর্শককে দফায় দফায় অবগত করলেও তিনি নানা বাহানা ও ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। প্রশ্ন উঠেছে, একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কীভাবে এত বড় একটি জনস্বাস্থ্য সংক্রান্ত অনিয়ম জেনেও চোখ বন্ধ করে থাকতে পারেন? এর দায় কার কাঁধে বর্তাবে? সাধারণ মানুষের জীবন নিয়ে এই উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।নিরাপদ খাদ্য কেবল একটি পদের বিষয় নয়; এটি প্রতিটি নাগরিক এবং বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত মৌলিক এবং অপরিহার্য একটি শর্ত। দূষিত ও ভেজাল খাবার গ্রহণের ফলে শিশুরা ক্রনিক রোগ, পেটের পীড়াসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।এমতাবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন—প্রশাসনের করণীয় কী? অবিলম্বে এই অবৈধ বেকারীটির কার্যক্রম বন্ধ করে এর নেপথ্যের কারিগর ও সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ দেখার অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST