দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৩ জানুয়ারী ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের জাতীয় মাছ ইলিশের ভবিষ্যৎ বদলে দিতে পারে—এমন এক যুগান্তকারী পদক্ষেপে প্রথমবারের মতো দেশে বাণিজ্যিকভাবে কৃত্রিম পরিবেশে (ইনডোর) ইলিশ চাষের পরিকল্পনা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। উন্নত প্রযুক্তিনির্ভর এই অ্যাকুয়াকালচার বা মাছ চাষ প্রকল্পের জন্য ডেনমার্কের অ্যাসেন্টোফট অ্যাকুয়া লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। প্রকল্পে বিনিয়োগ করা হবে ৩ কোটি ইউরো বা প্রায় ৪৩০ কোটি টাকা।

ইলিশের পাশাপাশি এশিয়ান সিবাস (কোরাল) ও অন্যান্য সামুদ্রিক মাছও চাষ করা হবে এই অত্যাধুনিক ইনডোর ব্যবস্থায়। বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপ ও অ্যাসেনটোফট অ্যাকুয়ার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

প্রকল্পটি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে স্থাপন করা হবে। আগামী দুই বছরে দুই থেকে তিন ধাপে পুরো বিনিয়োগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্য। আন্তর্জাতিক বাজারেও এর কদর অনেক, দামও চড়া। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীলতা, নদী ব্যবস্থার পরিবর্তন এবং মৌসুমি নিষেধাজ্ঞার কারণে ইলিশ রপ্তানি সীমিত। দেশের বাজারেও চড়া দামেও অনেক সময় ইলিশ পাওয়া দুষ্কর হয়ে পড়ে।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের সামগ্রিক উৎপাদন বাড়লেও রপ্তানিযোগ্য মানসম্মত ইলিশের ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ চাষ সফল হলে তা এ খাতে বড় ধরনের সাফল্য বয়ে আনবে।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, ‘সুস্বাদু সামুদ্রিক মাছের ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে অত্যাধুনিক আরএএস পদ্ধতিতে এসব মাছ চাষ করতে চায় প্রাণ গ্রুপ। অ্যাসেনটোফ্ট অ্যাকুয়া উন্নত দেশগুলোতে ইতোমধ্যে স্বল্প জায়গায় এই প্রযুক্তির মাধ্যমে শিল্প পর্যায়ে মাছ চাষ করছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস উৎপাদন শুরু হবে।’

আরএএস বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইনডোর মাছ চাষ পদ্ধতি, যেখানে পানির গুণগত মান, তাপমাত্রা, অক্সিজেন, লবণাক্ততা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা হয়। একই পানি পরিশোধন করে বারবার ব্যবহার করা হয় বলে পানির ব্যবহার কমে যায় এবং রোগের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে।

এই প্রকল্পে ব্রুডস্টক ব্যবস্থাপনা, হ্যাচারি ও নার্সারি সুবিধাসহ পুরো উৎপাদন চেইন স্থাপন করা হবে। প্রতিটি মাছের লক্ষ্যমাত্রা ওজন ধরা হয়েছে ১,২০০ থেকে ১,৫০০ গ্রাম। প্রকল্পটি পূর্ণ বাস্তবায়নের পর বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার একটি বড় অংশ রপ্তানি করা হবে।

ইলিশ মূলত অভিবাসী (মাইগ্রেটরি) মাছ হওয়ায় দীর্ঘদিন এটি চাষের বাইরে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে ইলিশ পালনের গবেষণা চলছে। বাণিজ্যিক পর্যায়ে বড় আকারের উৎপাদন এখনও বিরল, যা প্রাণ-আরএফএল ও অ্যাসেনটোফট অ্যাকুয়ার এই উদ্যোগকে বৈশ্বিকভাবে ব্যতিক্রমী করে তুলছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. আমিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ইলিশ চাষ বৈজ্ঞানিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইলিশের জীবনচক্র ও প্রজনন আচরণ নিয়ন্ত্রণ করা। এই মাছ চাষের এখনো পর্যন্ত সফল রেকর্ডও নেই।’

তবে তিনি যোগ করেন, যদি এই প্রকল্প সফল হয়, তবে তা প্রাকৃতিকভাবে নদীর ওপর চাপ কমাবে এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি করবে।

ডেনমার্কভিত্তিক অ্যাসেনটোফট অ্যাকুয়া লিমিটেড আরএএস প্রযুক্তিতে বিশ্বব্যাপী পরিচিত একটি প্রতিষ্ঠান। তাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস ২০১৬ সাল থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে মাছ চাষ প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি হ্যাচারি ডিজাইন, ব্রুডস্টক ব্যবস্থাপনা ও পূর্ণাঙ্গ আরএএস সল্যুশন সরবরাহ করে থাকে।

অ্যাসেনটোফট অ্যাকুয়ার ড. জেন্স ওলে ওলেসেন বলেন, ডেনিশ সরকারের গ্যারান্টিযুক্ত অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে একটি আরএএস-ভিত্তিক মাছ চাষ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত। প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আমরা আশাবাদী।

প্রাণ-আরএফএল গ্রুপ দেশের অন্যতম বৃহৎ এগ্রো ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। খাদ্য, কৃষি, ডেইরি, পানীয় ও রপ্তানিমুখী পণ্যে তাদের শক্ত অবস্থান রয়েছে। নতুন এই মৎস্য প্রকল্পের মাধ্যমে গ্রুপটি উচ্চমূল্যের সামুদ্রিক মাছ উৎপাদন ও রপ্তানিতে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পদ্মা নদী নিয়ে নাসার প্রতিবেদনে উঠে এল ভয়াবহ তথ্য

১০

দীপঙ্কর দে এবং দোলন রায় টলিউড ও বাংলা টেলিভিশনের স্বামী-স্ত্রী জুটির মিষ্টি রসায়ন

১১

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, টলিউডের বাংলা সিনেমার চিরসবুজ জুটি

১২

আজ সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সফর করলেন

১৩

ঘাটাইলে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুনের অভিযোগ

১৪

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

১৫

সারাদেশ ভূমিকম্পে কেঁপে উঠল

১৬

অস্ট্রেলিয়ার নেভার নদীতে ডুবে মারা গেছে দুই তরুণ

১৭

কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

১৮

এক লাইসেন্সেই চলছে দুই হাসপাতাল

১৯

সাফ ফুটবলে ভুটানকে ১২ গোলে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

২০

Design & Developed by BD IT HOST