মীর শাহাদাৎ,পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রভাত মোদক (৩৫) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে আমিনপুর থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তাঁর নিজ বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুপ্রভাত মোদক আহমেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্য চন্দ্র মোদকের (লেদু কুড়ী) ছেলে। তিনি স্থানীয় কাশীনাথপুর বাজারের ‘দাদাভাই হোটেল’ নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) নিজ ব্যবসা প্রতিষ্ঠান কাশীনাথপুর দাদাভাই হোটেল থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর আমিনপুর থানা পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিখোঁজ সুপ্রভাতের মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করে। পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে তাঁর মোবাইল ফোনটি সচল (খোলা) পাওয়া গেলেও কল করা হলে কেউ রিসিভ করেনি। পরবর্তীতে রাত ২টার দিকে আবারও তাঁর ফোনে কল ঢুকলেও কোনো সাড়া মেলেনি।
আজ ভোরের সূর্য ফোটার আগে সুপ্রভাতের বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেতে তাঁর ক্ষতবিক্ষত ও পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আমিনপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST