
মানিকগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। একই সাথে বিতর্কিত ব্যানারটি জব্দ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও সভায় ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম-সংবলিত স্লোগান থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিলে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত ফুলতান ভূঁইয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, “ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এদিকে, কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম বা স্লোগান সংবলিত ব্যানার ব্যবহার করা নিয়ে স্থানীয় সচেতন মহলে সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST