
মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ৮ এপ্রিল দুপুর ১২টার দিকে সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় র্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে কাপড়ের পাইকারি ও খুচরা দোকানগুলোতে তদারকি করে দেখা যায়, অনেক ব্যবসায়ী বিদেশি কাপড় বিক্রির সময় ক্রয়ের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারছেন না।
ক্রয়ের প্রমাণপত্র না থাকায় এসব কাপড় কত দামে কেনা হয়েছে, বৈধ পথে দেশে এসেছে কিনা, সরকারকে ভ্যাট-ট্যাক্স দেওয়া হয়েছে কিনা কিংবা পণ্যগুলো নকল কিনা—এসব বিষয় নিয়ে সংশয় তৈরি হয়। পাশাপাশি দেশীয় পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সুযোগও থেকে যায়।
এসব অনিয়মের প্রেক্ষিতে সড়ক বাজার এলাকার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ‘শাড়ি বিচিত্রা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং ‘বি বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক ঘোষণা প্রদান, বৈধ উৎস থেকে পণ্য সংগ্রহের তথ্য সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST