জামাল খান,ভোলা প্রতিনিধিঃ
ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জিওব্যাগ ধসে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আমজাদ হোসেনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিন দিন পর আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলা সদর সংলগ্ন দৌলতখান উপজেলার সরকারি দীঘি এলাকা থেকে স্থানীয় ও উদ্ধারকারী দল তার ভাসমান লাশ উদ্ধার করে।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) শিবপুর ইউনিয়নের ‘গরিবের দুবাই’ হিসেবে পরিচিত মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে অবস্থানকালে হঠাৎ জিওব্যাগ ধসে নদীতে তলিয়ে যান বিজিবি সদস্য আমজাদ ও তার বন্ধু রাকিব। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছিল।
ঘটনার দু’দিন পর গতকাল শুক্রবার পার্শ্ববর্তী রামগতির একটি ডুবোচর থেকে বন্ধু রাকিবের নিথর দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। আজ শনিবার আমজাদের মরদেহ উদ্ধারের মাধ্যমে নদী ভাঙনের কবলে পড়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুরই করুণ পরিণতির খবর নিশ্চিত হলো।
স্থানীয়দের মতে, নদী তীর রক্ষা বাঁধের বেশ কিছু পয়েন্টে সিসি ব্লক ও জিওব্যাগ স্থাপন করা হলেও সাম্প্রতিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে কিছু কিছু জায়গায় তলদেশের মাটি সরে যাচ্ছে। ফলে আকস্মিক ধসের এই দুর্ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে বা অবসরে ঘুরতে আসা সাধারণ মানুষের নিরাপদে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
নিখোঁজ দুই তরুণের লাশ একের পর এক উদ্ধারের ঘটনায় পুরো এলাকা ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার হওয়া বিজিবি সদস্যের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশমন্তব্য করুন
Design & Developed by BD IT HOST