
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটার প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী (সাজু মল্লিক)।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর বিধান রয়েছে। তবে তফসিল কার্যকর হওয়ার আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
আবেদনে অভিযোগ করা হয়, প্রার্থীর পক্ষে দলীয় প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন সংসদীয় এলাকার বিভিন্ন দেয়াল ও ঘরে ঘরে টানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় তথাকথিত মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আড়ালে দলীয় প্রতীক ব্যবহার করে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা সরাসরি ভোটারদের প্রভাবিত করার শামিল। এছাড়াও বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন এবং ব্যানার–ফেস্টুন টানানো হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ড সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে বড় অন্তরায় সৃষ্টি করছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST