
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বড় সংকটে পড়েছে ভারত। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হরমুজের কাছে প্রায় ২৩ হাজার ভারতীয় নাবিক আটকে পড়েছেন এবং ৩৭টি ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আশে পাশের সমুদ্রে এসব জাহাজ আটকে রয়েছে। এই জাহাজগুলো মূলত উপসাগরীয় দেশগুলো থেকে অপরিশোধিত তেল, এলপিজি ও অন্যান্য পেট্রোপণ্য আনার জন্য গিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় সেগুলো আর চলাচল করতে পারছে না।
এই সংকট মোকাবিলায় ভারত সরকারের জাহাজ পরিবহণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কুইক রেসপন্স টিম গঠনের উদ্যোগ নিয়েছে, যাতে আটকে পড়া নাবিকদের দ্রুত সহায়তা দেওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, ভারতের মোট তেল চাহিদার ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করা হয়, যার প্রায় ৫০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে প্রতিদিন প্রায় ২৫–২৭ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে ভারতে পৌঁছায়।
শুধু তেলই নয়, ভারতের প্রায় ৬০ শতাংশ তরল গ্যাস (এলএনজি) -ও এই পথ দিয়ে আসে। ফলে হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে ভারতের জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST