লাকী আক্তার,ব্যুরো প্রধান সিলেটঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিড়িসহ এক যুবককে গ্রেফতার করেছে।
সে সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গত ৮ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে শাহপরাণ থানাধীন পীরেরচক এলাকার তাজু রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনাকালে এই সাফল্য পায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) এস এম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চেকপোস্টে ‘ঢাকা মেট্রো-ন-২২-১৩৬৬’ নম্বরের একটি কাভার্ডভ্যানকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে কাভার্ডভ্যানের ভেতর থেকে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় ‘শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় জড়িত থাকায় জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া (খলা) গ্রামের শমছুর উদ্দিন ও রাবেয়া বেগম দম্পতির ছেলে বুরহান আহমদকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত বিড়ি ও কাভার্ডভ্যান জব্দের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b) ধারায় একটি মামলা (মামলা নং-১২, তারিখ: ০৮/১০/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST