
নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগের ঘটনায় সৃষ্ট শূন্যতা দূর করতে এবং পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা পুনরুদ্ধারে অবিলম্বে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব একজন আদিবাসী পূর্ণ মন্ত্রীর হাতে ন্যস্ত করার দাবি জানিয়েছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক।
বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনেরা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের শুরুতেই পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব একজন পূর্ণ মন্ত্রীকে প্রদান করায় পাহাড়ি জনগোষ্ঠীর মনে নতুন আশার সঞ্চার হয়েছিল। সেই মন্ত্রী ওই অঞ্চল থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আকস্মিক পদত্যাগ সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও সন্দেহের সৃষ্টি করেছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের ঘোষিত ‘রেইনবো নেশন’ বা বর্ণিল জাতিসত্তা গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নের পথে এই ঘটনাটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বাক্ষরকারীরা মনে করেন, পার্বত্য মন্ত্রণালয়ের বর্তমান শূন্যতা পাহাড়ের মানুষের মধ্যে কেবল হতাশা ও ক্ষোভই বাড়াচ্ছে না, বরং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।
চুক্তির বিধান অনুসরণের তাগিদ বিশিষ্ট নাগরিকেরা পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ নম্বর ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, “উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ দেওয়া হবে।” তারা অতীতের নজির টেনে বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারও অতীতে পাহাড়ের একজন প্রতিনিধিকে পূর্ণ দায়িত্বসহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখার ওপর তারা জোর দেন।
সুশীল সমাজের এই প্রতিনিধি দলে রয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল,খুশী কবির, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, টিআই-বি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট সালমা আলী।
এছাড়া স্বাক্ষরকারীদের তালিকায় আরও রয়েছেন আলোকচিত্রী ড. শহিদুল আলম, ড. গীতি আরা নাসরিন, ড. জোবাইদা নাসরীন, ড. খায়রুল চৌধুরী, ড. মির্জা তাসলিমা সুলতানা, ড. ঈশিতা দস্তিদার, ড. নাসরিন খন্দকারসহ দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, আদিবাসী অধিকার কর্মী এবং সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ।
পরিশেষে, বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে পার্বত্য চুক্তির মূল চেতনার সঙ্গে সঙ্গতি রেখে এবং পাহাড়ি জনগোষ্ঠীর আস্থাভাজন কোনো ব্যক্তিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোর আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST